বার্তা সংস্থা আবনা : মিশরের বৃহত্তম রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিনকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার।
সৌদি রাজার এ পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছে ইখওয়ান। এক বিবৃতিতে ইখওয়ান জানিয়েছে, “ইখওয়ানের প্রতিষ্ঠাকালীন নীতি হল, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। শুরু থেকে ইখওয়ানের সঙ্গে সৌদি আরব যে সম্পর্ক রক্ষা করতো এ পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের সে সম্পর্ক থেকে সরে এসেছে দেশটি।"
আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র সৌদি আরব আন-নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্টকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে, গত বছরের জুলাইয়ে মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসিকে উত্খাতের পর ডিসেম্বরে ইখওয়ানকে নিষিদ্ধ করে দেশটির সেনা সমর্থিত সরকার।
এদিকে, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী তত্পরতায় জড়িত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।